সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো
দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃদ্ধি পেয়েছে ১৩ টাকা ২৫ পয়সা। নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন দাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহীদ সারওয়ার এবং সৈয়দা সুলতানা রাজিয়া।
গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। বিইআরসির কারিগরি কমিটি পরে গ্যাসের দাম ৩০ টাকা করার সুপারিশ করে।
ট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, দাম বাড়ানো হলে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারে সরবরাহ করা হবে। ৬ মাস (অক্টোবর-মার্চ) পুরোমাত্রায় (২৫০ মিলিয়ন ঘনফুট) গ্যাস সরবরাহ দেওয়া হবে। অবশিষ্ট ৬ মাসের মধ্যে এপ্রিল-মে ১৬৫ মিলিয়ন হারে, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর ১৩০ মিলিয়ন হারে গ্যাস সরবরাহ দেবে।
বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে ৩৮ টাকার মতো। বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকা দরে। আর বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি করছে ২৫ টাকা দরে। এতে ট্রেড গ্যাপ কেজিতে ১৩ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হচ্ছে।







