খাল খননে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। খাল খনন কর্মসূচির উদ্বোধন হলে কৃষি জমির পাশাপাশি মাছ, হাঁসসহ অন্যান্য সেক্টরের মানুষ আর্থিকভাবে লাভবান হবে।
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন প্রস্তুতি দেখতে এলাকা পরিদর্শন শেষে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল খাল খনন, পরিবেশ এবং কৃষি, অর্থনীতি এবং সবুজ বিপ্লব। তার ঐ ধারাবাহিকতায় দিনাজপুরের কাহারলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, খাল খনন প্রকল্প সম্পন্ন হলে কৃষিতে সেচের পানি ব্যবহার করে এই অঞ্চলে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি জিডিপিতে ভালো প্রভাব পড়বে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন সারাদেশের ৫৩টি এলাকায় খনন কর্মসূচি উদ্বোধন হবে। খাল খনন ও পুনঃখনন হলে নাব্য বৃদ্ধি পাবে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যাবে। সেই পানি কৃষকরা সে হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া খালের দুই পারে বৃক্ষরোপণ করা হবে।
এই এলাকায় খাল খনন উদ্বোধনের পর সাড়ে তিন লাখ মানুষ সেচ সুবিধা পাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রমুখ।







