বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মর্গে পড়ে আছে পানছড়িতে গুলিতে নিহত ৩ তরুণের মরদেহ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গলপাড়ায় গুলিতে নিহত তিন তরুণের মরদেহ ঘটনার একদিন পরও স্বজনেরা গ্রহণ করেননি। চব্বিশ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতদের কোনো স্বজন এখন পর্যন্ত মরদেহ নিতে থানায় বা হাসপাতালে আসেননি। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা আছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে স্বজনদের কাছে আহ্বান জানানো হয়েছে। আমরা অপেক্ষা করছি, পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে পদ্ম চাকমা (১৮), ধনা চাকমা (১৮) ও রিয়েল চাকমা (১৮) নিহত হন। নিহতদের মধ্যে পদ্ম চাকমা ও ধনা চাকমার বাড়ি রাঙামাটিতে এবং রিয়েল চাকমার বাড়ি পানছড়ি উপজেলায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধারের পাশাপাশি দুটি মিসফায়ার হওয়া গুলি, ১৪টি ব্যবহৃত গুলির খোসা এবং চারটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

এদিকে নিহত তিনজনই ইউপিডিএফের সদস্য বলে স্থানীয়রা জানালেও তা প্রত্যাখ্যান করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, এটি জেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনা ঘটেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর